ভারতের বিরুদ্ধে আবারও যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের।
ভারতের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তানের পানি ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে দেশটি ভারতের বিরুদ্ধে যুদ্ধের পথেও যেতে পারে।
শনিবার (২০ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যে মুহূর্তে আমরা মনে করব আমাদের পানি ও জাতীয় নিরাপত্তা হুমকিতে, আমরা যুদ্ধে যাব।” তিনি অভিযোগ করেন, ভারত পানি ইস্যুকে রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ভারত জানিয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে পাকিস্তান দাবি করেছে, ভারত যদি পানি প্রবাহ বাধাগ্রস্ত করার কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইসলামাবাদ সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করবে। তবে ভারতের সাম্প্রতিক জল প্রকল্পগুলোর বিষয়ে পাকিস্তানের কাছে পর্যাপ্ত ও হালনাগাদ তথ্য নেই বলেও স্বীকার করেছেন খাজা আসিফ।
অন্যদিকে, পাকিস্তানের অভ্যন্তরেও তীব্র পানি সংকট দেখা দিয়েছে। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় পানির ঘাটতির কারণে কৃষি ও দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়ছে।




















