পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)কে আটক করা হয়েছে। রাসেল হাওলাদার মৃত আবুল কালামের পুত্র। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেছারাবাদ সেনা ক্যাম্পের একটি দল বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) ভোর রাত ৩টার দিকে এই আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও তার স্ত্রী নেছারাবাদ এলাকায় মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল। তাদের কর্মকাণ্ডের বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সমন্বয়ে তাদের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্রসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এই এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডিং মেশিন, ১টি জঙ্গল নাইফ, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল।
আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অপরাধ দমন এবং মাদকবিরোধী চিরুনি অভিযান অব্যাহত থাকবে।




















