ঝিকরগাছায় জামায়াতের নারী নেত্রীদের ওপর হামলার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ
যশোরের ঝিকরগাছা পৌরসভায় জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে জামায়াতে ইসলামীর নারী নেত্রীরা ১০ দলীয় জোট মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
উপজেলা জামায়াতের এক মহিলা নেত্রী অভিযোগ করে বলেন, কীর্তিপুর গ্রামে তাদের নারী কর্মী রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস ও জোসনাসহ ১০ জনের একটি দল ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে আহনাফ, আতিকুজ্জামান টিটো, ইনামুল রাজীব সবুজসহ ১৫–২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন নারী কর্মী আহত হন।
তিনি আরও জানান, হামলায় নারী কর্মীদের মারধর করা হয় এবং মোবাইল ফোন ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত জোসনা ও কামরুন্নাহার চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ অভিযোগের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















