সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুলিয়া জেএস হাইস্কুলের এডহক কমিটি বাতিল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক নাজনীন আক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের এডহক কমিটি বাতিলের জন্য প্রধান শিক্ষককে চাপ দিতে এবং কমিটির সভাপতি শহিদুজ্জামান (শহিদ)কে বিদ্যালয়ে না ডাকার কথা বলতে শোনা যায়।
অভিযোগ রয়েছে, স্থানীয় সাদেক ড্রাইভার ও কবিরের নেতৃত্বে আঁগরদাড়ী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জিয়ারুল, জামারুল, কানা সাঈদ, রফিকুলসহ আরও কয়েকজন ওই ঘটনায় জড়িত। অভিযোগকারীদের দাবি, কমিটি বাতিলের দাবি না মানলে প্রধান শিক্ষককে পথে-ঘাটে হেনস্তা ও জীবননাশের হুমকি দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে এডহক কমিটির সভাপতি শহিদুজ্জামানকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর ভাষায় কথাবার্তাও শোনা যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে মোবাইল ফোনে প্রধান শিক্ষককে একাধিকবার হুমকি দেওয়া হয়। একইসঙ্গে তার কাছে চাঁদা দাবির অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের দুই শিক্ষক- লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও মোহাম্মদ আবু রায়হানের সম্পৃক্ততা ও যোগসাজশের অভিযোগও উঠেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।



















