এসিড হামলার রহস্য উদঘাটন
কাহারোল উপজেলায় স্ত্রী আখি আক্তারের ওপর সংঘটিত চাঞ্চল্যকর এসিড নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্ত নয়, বরং ভুক্তভোগীর নিজ স্বামীই হামলার মূল অভিযুক্ত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালান স্বামী ফারুক হোসেন (তুহিন)। অভিযুক্ত ফারুক হোসেন কাহারোল উপজেলার কাঠালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটে গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে। ওই সময় আখি আক্তার তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বাড়ির ওয়াশরুমে থাকা অবস্থায় বাইরে থেকে কৌশলে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত স্বামী তুহিন। প্রথমে ঘটনাটি অজ্ঞাত দুর্বৃত্তের কাজ বলে ধারণা করা হলেও তদন্তে বেরিয়ে আসে প্রকৃত সত্য।
ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় আখি আক্তারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৪(২)খ ধারায় অভিযুক্ত ফারুক হোসেন (তুহিন) কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।




















