সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহের সামনে অভিযান পরিচালনা করে। এসময় আলামিন নামে একজনকে আটক করে।
পরে আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণেরবার, ০১টি মোবাইল ও নগদ ৫,০৭০/- টাকা পাওয়া যায়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ, চৌদ্দ হাজার, চারশত পঁচিশ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















