মুক্তাগাছায় চাঞ্চল্যকর গৃহচুরি: অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাাকা
ময়মনসিংহের মুক্তাগাছায় জমি কেনার জন্য বাসায় রাখা ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ২ পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই যাওয়া নগদ টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী মোঃ আশরাফুল আলম (২৬) জানান, জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার উপার্জিত ৩৫ লাখ টাকা গ্রামের বাড়ি মুক্তাগাছা থানাধীন বিরাশি এলাকার নিজ বসতবাড়ির শয়নকক্ষের স্টিলের ট্যাংকের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
গত ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তার মা পাশের এক প্রতিবেশীর বাড়িতে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে চোরেরা স্টিলের ট্যাংকের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা নং-১৮, তারিখ: ১৩/০৫/২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলার অভিযোগ পাওয়ার পর ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একাধিক চৌকস পুলিশ টিম গঠন করা হয়। প্রযুক্তিনির্ভর ও এনালগ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. সৌরভ মিয়া (৩০), পিতা- মোঃ সিরাজুল, সাং- বিরাশি মধ্যপাড়া, মুক্তাগাছা।
২. মোঃ জনি (২৫), পিতা- মোঃ আবুল কালাম ওরফে কালু মিয়া, সাং- বিরাশি মধ্যপাড়া, মুক্তাগাছা।
পুলিশ জানায়, দুজনকে ডিএমপি ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চর কুষ্টিয়া এলাকায় আসামি সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ২১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
চোরাই যাওয়া অবশিষ্ট টাকা ও অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ।




















