অপরাধ দমনে কঠোর পিবিআই: মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বুধবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পিবিআই বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা গেলে অপরাধের সংখ্যা অনেকাংশে কমে আসবে। পুলিশকে জনতার বন্ধু হতে হবে, আবার জনতাকেও পুলিশের বন্ধু হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ ও নিরাপদ দেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও অপরাধ সংঘটিত হওয়ার তথ্য পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের গ্রেফতার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।
পিবিআই সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পিবিআই’র ভূয়সী প্রশংসা করেন।।






















