সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা প্রতিরোধে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। তাঁর উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।
অভিযানকালে অবৈধভাবে চলাচলরত ট্রাক্টর ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ জানান, অনেক সময় দেখা যায় সড়কে অবৈধ ও অযোগ্য চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, “সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রশাসন বদ্ধপরিকর। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে সড়কে দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
প্রশাসনের পক্ষ থেকে সকল যানবাহন চালক ও মালিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।










