চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২
যশোরের চৌগাছায় ৯০ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হানিফ (২৯) ও একই উপজেলার জলুলী উত্তরপাড়া গ্রামের তুজাম্মেল মন্ডলের ছেলে কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি ইজিবাইক তল্লাশি করে ৯০ বোতল উইন্সেরেক্স সিরাপসহ ওই দুইজন আটক করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চৌগাছা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এসআরবি’র চলমান অভিযান অব্যাহত থাকবে।









