বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন,
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ, আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালিয়ানা সংস্কৃতির প্রাণবন্ত প্রকাশ।
সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় অংশগ্রহণকারীদের বর্ণিল সাজ ও ঐতিহ্যবাহী পোশাকে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবের রঙে রঙিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পান্তাভাতসহ দেশীয় খাবারের ব্যবস্থা। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশাফুল দ্দৌলা খান বাবু এবং সদস্য সচিব কামরুল শাহজাহান সিরাজ (শিপন)সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় হয়। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন বীরগঞ্জবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং নববর্ষকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা।










