বেড়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
পাবনার বেড়ায় জুয়া-মাদক নির্মূল, আর্সেনিকের প্রাদুর্ভাব মোকাবেলা, ক্ষতিকারক কেমিক্যাল বর্জ্য কারখানা উচ্ছেদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সহ অন্যান্য সমস্যা সমাধানের সম্ভাব্য পদক্ষেপ সংক্রান্ত বিষয়াদি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৭ এপ্রিল সোমবার, বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সভার সভাপতি রুনাল্ট চাকমা (ইউএনও, বেড়া)।
শুরুতেই মাদক-জুয়া সংক্রান্ত আলোচনায়, বক্তারা মাদকের ডিলার অথবা স্থানীয় বড় বড় মাদক ব্যবসায়ীদের আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে পরামর্শ দেন।
উপস্থিত পুলিশ প্রতিনিধি সাব ইন্সপেক্টর নাসির বলেন, মাদকের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি, এই সংক্রান্ত যেকোনো তথ্য পেলেই আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু দুঃখের বিষয় গ্রেফতার করার পর বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া যায় না।
অন্যদিকে, পুলিশ এদের অতি কষ্ট করে গ্রেফতার করার পর তারা খুব সহজেই জামিন নিয়ে বের হয়ে আসে, যা খুবই দুঃখ জনক। তিনি এ ব্যাপারে সাংবাদিক, ইউনিয়ন জনপ্রতিনিধি, সবার সহযোগিতা কামনা করেন।
গত ২৫ তারিখ কৈটোলা স্লুইচ গেট বাজারের অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যাল প্রসেস ফ্যাক্টরিতে কেমিক্যাল বর্জ্য থেকে ভয়াবহ আগুন লাগা এবং অবৈধ এই কারখানা উচ্ছেদ বিষয়ে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার এই ব্যাপারে বলেন যে, জনগণের ক্ষতি হয় এমন কোন প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম বেড়া উপজেলায় মেনে নেওয়া হবে না।
তিনি আরো বলেন, খুব দ্রুতই তিনি ঐ এলাকায় পরিদর্শন করে এই সকল প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সময়ের নোটিশে উচ্ছেদ করা হবে। নির্দেশনা না মানলে আইনের কঠোর প্রয়োগে বাধ্য হবেন বলে তিনি জানান।
আর্সেনিকের প্রাদুর্ভাবে আক্রান্ত এলাকাগুলোতে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য জরিপের ভিত্তিতে প্রয়োজনীয় আর্সেনিকমুক্ত নলকূপ এর ব্যবস্থা করার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তারাপুরের ২ টি মার্ডার মামলার ব্যাপারে আলোচনা হয় এবং সম্প্রতি ঘটা চরনাগদার যমুনা বাজারে মারামারি পরবর্তী শান্তি প্রক্রিয়া দ্রুত নিশ্চিত করার জন্য থানায় সালিশের মাধ্যমে সমস্যার সমাধানের নির্দেশ দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ। উপস্থিত সকলে যার যার অবস্থান থেকে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত গঠনমূলক পরামর্শ প্রদান করেন।



















