ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ব্যাপক আয়োজনে গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে এ প্যারেডের আয়োজন করা হয়। এতে পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল সারিবদ্ধ উপস্থিতি ও কুচকাওয়াজের মধ্য দিয়ে বাহিনীগুলো তাদের প্রস্তুতির দৃঢ় বার্তা তুলে ধরে।
প্যারেডে নির্বাচনকালীন দায়িত্ব বণ্টন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় গঠন, টহল জোরদার, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের কার্যক্রম, এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণের দিন ও আগের রাত থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সমন্বিতভাবে পরিচালিত হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর সিয়াম, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তারা প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের অঙ্গীকার। সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো প্রকার বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্র্যান্ড ব্রিফিং প্যারেডের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে শিবচরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি দৃশ্যমানভাবে তুলে ধরা হয়, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।




















