সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা বাজার এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাজারের বিভিন্ন ফার্মেসিতে সংরক্ষিত ও বিক্রয়কৃত ওষুধ, লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র এবং ওষুধ বিক্রির বিধি-বিধান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০ (গ/খ) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুইটি ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ওষুধ বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, যথাযথ সংরক্ষণ না করা এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসি মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেন।
জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ জনগণকে ওষুধ কেনার আগে মেয়াদ যাচাই এবং অনুমোদিত ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।



















