আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার দিনভর পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
আজ সকাল থেকেই তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “লাঙ্গল হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। অতীতে সংসদ সদস্য থাকাকালীন আমি এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতে যে অবদান রেখেছি, জনগণ তা ভুলে যায়নি। আমি বিশ্বাস করি, ১২ ফেব্রুয়ারি পীরগঞ্জ ও রাণীশংকৈলের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সেবক হিসেবে আমাকে আবারও জয়যুক্ত করবে।”
নির্বাচনী জনসভায় হাফিজ উদ্দিন আহম্মেদ উল্লেখ করেন যে, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁওয়ের এই সীমান্তবর্তী অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কাজ করবেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয়ভীতি বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা জানান, হাফিজ উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত ইমেজ এবং জাতীয় পার্টির শক্তিশালী সাংগঠনিক অবস্থানের কারণে নির্বাচনী এলাকায় ‘লাঙ্গল’ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন













