দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স উদ্ধার
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব-৬ নিয়মিতভাবে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দেবহাটা থানার নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বেজোরআটি এলাকার বাসিন্দা মোঃ রুহুল গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান (৪১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।




















