রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে শাবলের আঘাতে হত্যা,
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত (৪৫) একই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন,সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন,সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















