পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সমাজমাধ্যমে এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে আগাম রমজানের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক।” একই সঙ্গে বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি ও পরে বাংলায় পৃথক বার্তায় তারেক রহমানকে ‘উষ্ণ’ ও ‘আন্তরিক’ অভিনন্দন জানান। তিনি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।” পাশাপাশি তিনি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” তিনি আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও তারেক রহমানের ‘ঐতিহাসিক বিজয়’-কে স্বাগত জানিয়েছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সমাজমাধ্যমে বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া এক বার্তায় জানায়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।” একই সঙ্গে ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে সমৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এই অভিনন্দনবার্তাগুলো স্পষ্ট করে যে, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে।


























