এতিমখানার চিরকুট: “আম্মা, ইফতারে বুট মুড়ি দেয়, আমার লাইগা ভালো খাওন আইনো”
রমজান মাস ত্যাগের ও সংযমের হলেও এক অবুঝ শিশুর আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতিমখানায় থাকা এক শিশু তার মায়ের কাছে চিঠিতে যে আরজি জানিয়েছে, তা পড়ে চোখের পানি ধরে রাখা দায় হয়ে পড়েছে নেটিজেনদের জন্য।
সম্প্রতি একটি শিশুর হাতে লেখা চিঠির ছবি ভাইরাল হয়েছে, যেখানে সে তার প্রাত্যহিক জীবনের অভাব আর মায়ের প্রতি নিখাদ ভালোবাসার কথা তুলে ধরেছে। চিঠিতে শিশুটি লিখেছে:
“আম্মা , আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান সেশ। একটা সাদা পানজাবি দিয়ো আগেরটা সিরা গেসে। ইফতারে বুট মুরি দেয় রাইতেbবাত দেয়না সেহেরিতে দেয়। আমার লইগা কিছু খাওন আইনো বালো খাওন। একটা মসারি দিয়ো আর চাদর দিয়ে মাসা কামরায়।”
চিঠিটি নিছক কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি আমাদের সমাজের অবহেলিত শিশুদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। শিশুটি শুধু খাবারের আবদারই করেনি, চিঠির অন্য অংশে সে তার প্রয়োজনীয় জিনিসের তালিকাও দিয়েছে। একটি সাবান, একটি সাদা পাঞ্জাবি এবং মশার হাত থেকে বাঁচতে একটি মশারি ও চাদর চেয়েছে সে।
ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, যখন আমরা ইফতারে রাজকীয় খাবারের আয়োজন করি, তখন আমাদের খুব কাছেই কোনো শিশু হয়তো একটু ‘ভালো খাবারের’ অপেক্ষায় প্রহর গুনছে।
সমাজকর্মীরা বলছেন, এতিমখানা বা মাদ্রাসার শিশুদের এই সরল আকুতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, প্রাতিষ্ঠানিক সহায়তার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিকভাবে এই শিশুদের পাশে দাঁড়ানো কতটা জরুরি। বিশেষ করে উৎসবের দিনগুলোতে এই শিশুদের একাকীত্ব ও অভাব আরও প্রকট হয়ে ওঠে।
“আম্মা, ইফতারে বুট মুড়ি দেয়, আমার লাইগা ভালো খাওন আইনো”

























