ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষী।
মঙ্গলবার (২ মার্চ) ইফতারের মুহূর্তে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর এলাকায় মোঃ হাসান আলীর ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ ওঠে একই এলাকার ইউসুফ মুন্সীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এর আগেও একটি ফসলি জমিতে বিষ প্রয়োগের অভিযোগ রয়েছে ইউসুফ মুন্সীর বিরুদ্ধে।
ভুক্তভোগী হাসান আলী গণমাধ্যম কর্মীদের জানান, হঠাৎ করেই পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করে। পরে নিশ্চিত হন যে কেউ বিষ প্রয়োগ করেছে। এতে অন্তত ১২ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, ইউসুফ মুন্সি প্রকাশ্যে বিষ প্রয়োগের হুমকি দিয়ে আসছিলেন এবং সেই হুমকিরই বাস্তবায়ন হয়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ মুন্সীর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তিনি গণমাধ্যমের সামনে কথা বলতে অস্বীকৃতি জানান বলে জানা গেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ময়মনসিংহ অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মাছ চাষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি ও অবৈধভাবে বিষ বিক্রির উৎস চিহ্নিত করার দাবি জানিয়েছেন।










