চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ইসমাইল চৌধুরী। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ লালখান বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ছদ্মবেশে থাকা দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইসমাইল চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ইসমাইল চৌধুরী চট্টগ্রাম কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকার ৩৭ নম্বর রাজাপুকুর লেইনের (উন্নয়ন প্রকৌশলী) বাসিন্দা আমজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইসমাইল চৌধুরীর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ (এন আই অ্যাক্ট) একাধিক মামলা রয়েছে। এর মধ্যে:
মামলা ১ (দায়রা-১১১৭/১৯, সিআর-২১৪/১৮ – সদরঘাট): এন আই অ্যাক্ট ১৩৮ ধারার এই মামলায় আদালত তাকে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।
মামলা ২ (দায়রা-৯৬৭/২৩, সিআর-৫৮৬/২৩ – পটিয়া): এন আই অ্যাক্ট ১৩৮ ধারার আরেকটি সিআর মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।
মামলা ৩ (সিআর-১৯৩/১৮): এই সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আইনগত ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



















