ঝিকরগাছার দিগদানায় সড়ক ধস, ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের মানুষের চলাচলের একমাত্র পাকা সড়কের একটি অংশ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সড়কের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী, ভ্যান ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশের ইঁদুরের গর্তে পানি জমে থাকায় রাস্তার নিচের মাটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। একপর্যায়ে ভেতরের অংশ ফাঁপা হয়ে সড়কের মাঝখানের একটি বড় অংশ ধসে পড়ে। বর্তমানে দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেখানে লাল পতাকা টাঙিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, দিগদানা গ্রামের পাশাপাশি আশপাশের কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। এছাড়া একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। সড়কটি ধসে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে সেখানে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে জানান তারা।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান বলেন, “সড়কটির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের ধস আরও বিস্তৃত হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে।




















