বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড ৩ গ্রেফতার ১
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। “মাদক খোর কিংবা বিক্রেতা—যেই হোক, কোনো নিস্তার নেই” এমন বার্তা দিয়েই চালানো হচ্ছে নিয়মিত অভিযান।
শনিবার (০৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের সন্দেহভাজন তিনটি বাড়িতে অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), নাহিদ ইসলাম সবুজ (৩২) ও রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়। তাদের সবার বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। আদালত প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে একই অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২)-কেও গ্রেফতার করা হয়। তিনি কলেজ মোড় এলাকার আমিনুল হকের ছেলে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেলের শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এসআই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















