ময়মনসিংহ জেলার বিজ্ঞ সদর সহকারী জজ ও পারিবারিক আদালতে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে এক নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০২০ সালের পারিবারিক মামলা নং-১৩২/২০২০ এর বাদী সাবিনা আক্তার (১নং বাদীনি), তিনি ময়মনসিংহের ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা এলাকার বাসিন্দা হারেছ আলীর মেয়ে। তার দুই নাবালক সন্তান রয়েছে, রিয়া মনি (৫) ও মাহমুদুল হাসান (সাড়ে ৩ বছর)। সন্তানদের পক্ষে অভিভাবক হিসেবে তিনি আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিবাদী আঃ রশিদ, যিনি সদর উপজেলার অম্ভিকাগঞ্জ এলাকার চাঁন মিয়ার ছেলে। অভিযোগ রয়েছে, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তিনি সাবিনা আক্তারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন।
ভুক্তভোগীর দাবি, মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী সাবিনা আক্তার তার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।










