ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন ও জনপ্রিয়তার জানান দিতে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা ও শোডাউন করেছেন পানিসারা ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার। তিনি বর্তমানে পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল র্যালী সমগ্র ইউনিয়ন প্রদক্ষিণ করে এবং পুনরায় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সাত্তার বলেন, আমি ইতিপূর্বে দুই বার এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয় এবং আপনারা ভোট দিয়ে পুনরায় বিজয়ী করেন,
তবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ইউনিয়নের সবাইকে সাথে নিয়ে উন্নয়নের কাজ পরিচালনা করব। বিশেষ করে সরকারি উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আগামী দিনেও যেন আপনাদের পাশে থেকে সেবার সুযোগ পাই, সেজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।
এ সময় পানিসারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।



















