সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।
উত্তরবঙ্গ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাসে যাত্রী পরিবহনের পাশাপাশি ছাদে কাঁচামাল বহনের অভিযোগ উঠেছে। এতে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিযোগ রয়েছে, যাত্রী ওঠানোর পর বাসের ছাদে অতিরিক্ত কাঁচামাল বোঝাই করা হচ্ছে। অতিরিক্ত ওজনের কারণে চলন্ত অবস্থায় গাড়ির ভারসাম্য হারানো, ছাদে থাকা মালামাল পড়ে যাওয়া এবং চাকা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে শুরু করে ঢাকা হয়ে কুমিল্লা পর্যন্ত প্রায় ৫০০ থেকে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এসব বাসকে। এত দীর্ঘ পথে সড়কে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে মালামাল পরিবহন বন্ধ হচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের অভিযোগ, পরিবারের টানে বাড়ি ফেরা কিংবা জীবিকার প্রয়োজনে কর্মস্থলে যাওয়ার জন্য অনেকটা বাধ্য হয়েই এসব বাসে যাতায়াত করতে হয়। কিন্তু নিরাপদ যাত্রার নিশ্চয়তা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। নিয়মবহির্ভূতভাবে বাসের ছাদে মালামাল পরিবহন বন্ধ, নিয়মিত তদারকি এবং আইন অমান্যকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।



















