হরিপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে হরিপুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হরিপুর মডেল মসজিদ মাঠে সমবেত হন।
সমবেত হওয়ার পর একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা বলেন, ছাত্রসমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ছাত্রশিবিরের কর্মীরা মানবিক সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ থেকে বৈষম্য দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রশিবির আপসহীন অবস্থান অব্যাহত রাখবে বলে জানান তারা।
এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে উপস্থিত সাধারণ ছাত্র ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপজেলা ছাত্রশিবিরের শীর্ষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ছাত্র ও সমর্থক উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।




















