কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে ছিল একটি চক্র। তাদের গ্রেফতারে অভিনব কৌশল অবলম্বন করলেন পুলিশ। পথচারীর বেশ ধরে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। এ সময় জুয়ার আসর থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫ ঘটিকায় উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ কৌশলী অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রাজারহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ প্রসঙ্গে বলেন, “পুলিশি কার্যক্রমে অভিনব কৌশল ব্যবহার করে জুয়াড়িদের ধরা হয়েছে। জুয়া একটি সামাজিক অপরাধ, যা প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।




















