নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, গুরতর আহত ২
নওগাঁর মহাদেবপুর উপজেলা ও নিয়ামতপুর উপজেলা পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে বৃষ্টির সময় উপজেলার তিনটি পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলীপ চন্দ্র বর্মন (৪৫) এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মহন্তের ছেলে অনুকূল চন্দ্র মহন্ত (৪০)। অপর নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের জীবন ও নারায়ণ। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন দিলীপ বর্মনসহ কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত জীবন ও নারায়ণকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রাজশাহীতে স্থানান্তর করেন।
অন্যদিকে, নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে মাঠ থেকে ধান সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান অনুকূল চন্দ্র মহন্ত। এছাড়া একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক শ্রমিকের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তার উপজেলায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















