বিজয়নগরে সীমান্ত পেরিয়ে আসা ৮৮ লাখ টাকার পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ রোধে জোরদার নজরদারির অংশ হিসেবে ২২ ও ২৩ এপ্রিল পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বৃহস্পতিবার(২৩ এপ্রিল)সকালে একই উপজেলার আউলিয়া বাজার সংলগ্ন নয়নপুর এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৭৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের দুই বাসিন্দা রিপন মিয়া (৪০) ও শাহিন মিয়ার (৪৫) বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া ২২ এপ্রিল বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫৬০ কেজি ভারতীয় জিরা আটক করে। যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪০ হাজার টাকা।

একই এলাকায় আরও ১ লাখ ৭৫ হাজার পিস পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির মোট আনুমানিক মূল্য ১৯ লাখ ৫৩ হাজার টাকা।
সব মিলিয়ে অভিযানে মোট ৮৭ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



















