চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. নাসিমুল গণি–কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ–এর চুক্তির মেয়াদ বাতিল করা হয়। তিনিও চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। সে সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে দেওয়া হয়।
ড. নাসিমুল গণি ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে একই বছরের ১৮ আগস্ট তিনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে তাকে অবসরে পাঠানো হয়। পরে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় চুক্তিভিত্তিকভাবে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ দেয়।
যশোরবাসীর মধ্যে এ পদায়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে। জেলার কৃতী এ কর্মকর্তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন অনেকে।




















