শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ
যশোরের শার্শায় ২কেজি ৯০ গ্রাম ওজনের ১৮পিস স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা অপর দুই ব্যক্তি সু কৌশলে পালিয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান প্রাইম ব্রিকস ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার (ওজন ২ কেজি ৯০ গ্রাম বা ১৮০ ভরি)। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় মামলা রুজু করে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















