যশোরে ডিবির পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ আটক ৩
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিবি পুলিশের পৃথক অভিযানে ঝিকরগাছা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর বেলা ১১টা ২৫ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি দল ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বারবাকপুর বাজার থেকে কাশিপুরগামী পাকা সড়কের পাশে মো. ইসলামের গ্যারেজের সামনে থেকে মো. ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আটক ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
অন্যদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল কোতোয়ালি মডেল থানার ৯ নম্বর আরাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলগাতি এলাকায় অভিযান চালায়। এ সময় হাসান মাহামুদের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. রাজু আহম্মেদ (৩৫) ও মো. সাগর হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক রাজু আহম্মেদ বাঘারপাড়া উপজেলার সহিতখালি (ষাটখালি) এলাকার মো. হায়দার মোল্লার ছেলে এবং সাগর হোসেন একই উপজেলার আলাদিপুর এলাকার মো. চান্নু মোড়লের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইয়াবাসহ আটক রাজু আহম্মেদ ও সাগর হোসেনকে ৬ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।




















