সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানেসাড়ে ১৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
সাতক্ষীরার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
বিজিবি জানায়, তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ১১ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এর ১৪ আরবি পয়েন্টের কাছ থেকে প্রায় ১৫০ গজ ভেতরে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একই ধরনের যন্ত্রাংশ আটক করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি পয়েন্ট থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে স্থানীয়রা বিজিবির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।




















