সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (০৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করে।
এসময় ১২৪ টি শাড়ী, ১২টি টু-পিছ, ৫৫টি পোষাক সামগ্রী, ০৪ কেজি কিসমিস, ৫.৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ০১কেজি আমসত্ব, ১২৫টি চকলেট ও ৪৮০টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৩,৯৫,৫৬০/- তেরো লক্ষ, পঁচানব্বই হাজার, পাঁচশত ষাট টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















