কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সর্বশেষ প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে হাত ধরে জোর পূর্বক টানাহেঁচড়া এবং ঘটনা কাউকে জানালে অপহরণ ও ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রাজু গাজী (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। অভিযুক্ত রাজু গাজী কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের রুহুল আমিন গাজী ছেলে।
অভিযোগকারী জি এম সোহেল হোসেন (৩৫) জানান, তাঁর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বরেয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাজু গাজী প্রায়ই তাঁর মেয়েকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি মেয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের জানালে তিনি অভিযুক্তকে এ ধরনের অনৈতিক ও আপত্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করেন।
তবে অভিযোগ অনুযায়ী, সতর্ক করার পরও অভিযুক্ত তাঁর মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দেওয়া অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বরেয়া মোড়লবাড়ি জামে মসজিদের পাশের একটি ফাঁকা জায়গায় ওই ছাত্রী পৌঁছালে অভিযুক্ত রাজু গাজী তাকে দেখতে পেয়ে পুনরায় কু-প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটির হাত ধরে জোরপূর্বক টানাহেঁচড়া করতে থাকেন।
এ সময় শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, এ সময় অভিযুক্ত প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ঘটনাটি কাউকে জানালে তাঁর মেয়েকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যাবেন এবং তার ক্ষতিসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করবেন। এ ঘটনায় শিশুটি ও পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মো. সিরাজুল গাজী ও মো. ফজর গাজীসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী।
অভিযোগের বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান,অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















