৩ মার্চ ২০২৬ পার্বতীপুর উপজেলার পৌর এলাকার ধুপিপাড়া ও সাহেবপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন পার্বতীপুর জিআরপি থানা পুলিশ। অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। আদালত প্রত্যেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ উদ্যোগই পারে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে।
মাদকমুক্ত পার্বতীপুর গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।




















