দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজালপুর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জগদল বাজারে খোকন সরকারের মার্কেটে অভিযান চালিয়ে খোকন সরকার, কমল সরকার, সুশান্ত রায় ও নাজিম হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন। আদালতের রায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















