দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর
দিনাজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির আওতায় তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের আধুনিকায়নের লক্ষ্যে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের উপশহর এলাকায় অবস্থিত তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে এসব আধুনিক যন্ত্রপাতি রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
মেশিনারিজ হস্তান্তরের পর ডা. শাহানা জাফর রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ পরিচালনা বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এসব যন্ত্রপাতির মাধ্যমে রক্ত সংরক্ষণ, রক্তের উপাদান পৃথকীকরণ এবং নিরাপদ রক্ত সরবরাহের কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে। এর ফলে দিনাজপুরসহ আশপাশের জেলার রোগীরা উন্নতমানের রক্তসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
হস্তান্তর করা আধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর), ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত সংরক্ষণের জন্য একটি বিশেষায়িত রেফ্রিজারেটর, -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ব্লাড ডিপ ফ্রিজ এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ। এসব মেশিনারিজের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে অতি শিগগিরই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন ও মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু এবং তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলামসহ রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।
অনুষ্ঠি শেষে অতিথিরা রক্তকেন্দ্রে স্থাপিত নতুন যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং এসব আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দিনাজপুর অঞ্চলে রক্তসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




















