বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হরিপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অবস্থানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সরকার এখন পর্যন্ত পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করে ৯ম জাতীয় পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।
দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম, আজিম উদ্দিন, আব্দুল হাকিম, সহিদুর ইসলামসহ অন্যান্যরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুহুল আমিন।




















