পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মাফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
নওগাঁর মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়া ২৫০টি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ডার্মা ফার্মাসিউটিক্যাল ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।
মানবিক এই উদ্যোগে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন,ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মো. মোবারক মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার মো. তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন ও জরুরি ওষুধসামগ্রী তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।




















