অটোরিকশা ছিনতাই চালক রাজিবকে নৃশংসভাবে হত্যা
ময়মনসিংহ নগরীতে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকায় অটোরিকশাচালক রাজিব ইসলাম (২৫)-কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহত রাজিব ইসলাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ছাতিয়ান কান্দা (সাইতন কান্দা) এলাকার এবাদুল মিয়ার ছেলে। পরিবারের অভিযোগ, গত রাতে আনুমানিক রাত ১১টা থেকে ১২টার মধ্যে যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা তার অটোরিকশায় ওঠে। পরে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মরদেহ চর ঈশ্বরদিয়া (চর হরিপুর) ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিকশাসহ পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাজিবের বাবা-মা। থানার সামনে দাঁড়িয়ে তাদের বুকফাটা কান্না ও স্বজনদের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।শোকাহত পরিবারের একটাই দাবি
যারা রাজিবের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিবারের অভিযোগ, একটি অটোরিকশার লোভে একটি তরতাজা প্রাণ ঝরে গেল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।




















