যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২০ জুলাই) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এসময় ১৭ বোতল বিদেশী মদ, ভারতীয় ৬৮বোতল এসকাপ (নেশা জাতীয়), ১৫টি শাড়ী, ০১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট ও ২৩৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের মূল্য ৩,৪৯,৯০০/-(তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















