বেওয়ারিশ কুকুর নিধন ও জনদুর্ভোগ নিরসনে ঝিকরগাছার ইউএনও’কে ‘সেবা সংগঠন’ এর স্মারকলিপি প্রদান
যশোরের ঝিকরগাছা এলাকায় বেওয়ারিশ কুকুর নিধন, ঝিকরগাছা বাজার ও পৌর শহরের বিভিন্ন জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে স্মারকলিপি প্রদান করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি হস্তান্তর করেন।
সাম্প্রতিক সময়ে জনমনে আতংক সৃষ্টিকারী বেওয়ারিশ কুকুর নিধনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন সহ স্মারকলিপিতে ঝিকরগাছা বাজারের প্রধান প্রধান সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের জন্য ৬টি সুনির্দিষ্ট দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো, মহাসড়কের দুই পাশ ও বাজারের ভেতরের রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা, যত্রতত্র অবৈধ যানবাহন পার্কিং বন্ধ করে নির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করা, কাঁচাবাজার, মাছ-মাংস বাজার ও বাসস্ট্যান্ড সহ পৌর এলাকার বর্জ্য নিয়মিত অপসারণ করা, বাজারের বিভিন্ন ভবনের ছাদে, মোড়ে ও গাছে থাকা অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা, কপোতাক্ষ নদে পেতে রাখা ক্ষতিকর চায়না দুয়ারী জাল ধ্বংস, নদের অবৈধ দখল উচ্ছেদ ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা, উচ্চশব্দে যত্রতত্র মাইকিং ও হাইড্রোলিক হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহসভাপতি মীর ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আলী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সাগর হোসাইন, সেবা সংগঠনের কার্যকরী সদস্য মাস্টার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাব্বির শোভন, মাসুদ, সুমন, নাজমুল, বিপুলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ ঝিকরগাছা বাজারের ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিত করতে দ্রুত আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।




















