যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
এসময় ৭২টি শাড়ি, ০১টি কম্বল, ০৫টি চাদর, ০৩টি ওয়ান পিস, ০৪ প্যাকেট ফুসকা, ০২ প্যাকেট সনপাপড়ী ও ৩৮৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬,১৮,৩০০/-(ছয় লক্ষ আঠারো হাজার তিনশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















