কেওয়াটখালীতে তারাবির নামাজে যাওয়ার সুযোগে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ
ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকায় তারাবির নামাজে যাওয়ার সুযোগে একটি বসতবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে ভাড়াটিয়াদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কেওয়াটখালী ভোট স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মোছাঃ লায়লী বেগম (৪৫), স্বামী সাইদুর রহমান দুলু মড়ল। তার বসতবাড়ীতে দীর্ঘদিন ধরে কয়েকজন ভাড়াটিয়া বসবাস করছিলেন। তাদের সাথে ভালো সম্পর্ক থাকায় একপর্যায়ে অভিযুক্ত মোঃ রাব্বী মিয়া (২৬) হাওলাত হিসেবে তার কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, গত ৫ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে এসে পাওনা টাকার মধ্যে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে। সে সময় লায়লী বেগম তাদের ইফতারের পরে দেখা করতে বলেন। পরে তিনি ও বাড়ির অন্য নারীরা তারাবির নামাজ আদায়ের জন্য হাক্কানী মোড় এলাকায় গেলে অভিযুক্তরা কৌশলে ঘরে প্রবেশ করে।
এ সময় ঘরের আলমারিতে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা, চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি বলে জানান ভুক্তভোগী। বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
























