সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৭ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি ও বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ ও শাড়ি আটক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানায়, চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আরবি থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
এছাড়া একই দিনে বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অভিযানে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
বিজিবি আরও জানায়, এ ধরনের চোরাচালান কার্যক্রমের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাই সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও চোরাচালান বিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।



















