বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার ঝলঝলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝলঝলি এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম মিয়ার ছেলে মো. মশিনুর রহমানকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই অভিযানে মৃত আবুল কাশেমের ছেলে মো. রমজান আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সচেতন মহল মনে করছে, নিয়মিত এমন অভিযান চললে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।


















