ঝিকরগাছায় উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী কমপ্লেক্সে গতকাল (২৯ মে) শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ-পরবর্তী এ মিলনমেলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সদস্য, যশোর জেলা শুরা ও কর্মপরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী; অধ্যাপক জয়নাল আবেদীন, সদস্য, যশোর জেলা শুরা ও কর্মপরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ডা. মিজানুর রহমান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই শিক্ষার বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা আরশাদুল আলম বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করে। সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ডা. মিজানুর রহমান বলেন, “সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে পারস্পরিক সহযোগিতা এবং মানবসেবার বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আলিম বলেন, “ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।




















