নওগাঁয় নতুন কুঁড়ি আসরের উদ্বোধনী ম্যাচে মান্দার দাপুটে জয়
নওগাঁয় নতুন কুঁড়ি ক্রিকেট আসরের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে মান্দা টিম। প্রতিপক্ষ পোরশা দলকে ৬৪ রানে অলআউট করে ১ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে সহজ জয় পায় মান্দা।
৪ মে ২০২৬ ম্যাচের শুরু থেকেই মান্দা দলের খেলোয়াড়রা ছিল আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেন আলিফ, তিনি ৫১ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন সিহাব, যিনি ৪০ রান করেন। এই দুই ব্যাটসম্যান মিলে ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পরে সিহাব আউট হলে সোহেল ২২ রান করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। এছাড়া অতিরিক্ত থেকে আসে ৩০ রান, যা দলের মোট রান ১৪৩-এ পৌঁছাতে বড় ভূমিকা রাখে।
দলের অধিনায়ক তুর্য্য ও সহ-অধিনায়ক উল্লাসের নেতৃত্বে মাঠে ছিল দারুণ সমন্বয়। বোলিংয়েও মান্দা ছিল দুর্দান্ত। তুর্য্য মাত্র ১ ওভারে ৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। উল্লাস ম্যাচের প্রথম বলেই রান আউট করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। নিরব ২ ওভারে ২টি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন।
পোরশা দলের ব্যাটিং লাইনআপ মান্দার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। তারা মাত্র ৬৪ রানেই তাদের সবকটি উইকেট হারায়। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মান্দা দল।
এই জয়ে টিম মান্দা নতুন কুঁড়ি আসরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দলের খেলোয়াড়দের মধ্যে তুয্য্য (অধিনায়ক), উল্লাস (সহ-অধিনায়ক), আলিফ, শাহরিয়ার, নিরব, সোহেল, তোহুর, রিংকু, নাফি ও আপন ছিলেন মাঠে সক্রিয়। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন অর্পন, ইয়ামুর ও সিয়াম।
আগামী ৬ তারিখে নিয়ামতপুর দলের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় মান্দা দল।



















